সাফু শেখের নির্যাতন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামের হিন্দু সম্প্রদায়। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় সাফু শেখের বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দেন তারা।
গ্রামবাসী অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী সিঙ্গারকুল গ্রামের আজিজ শেখের ছেলে সমাজবিরোধী সাফু শেখ প্রভাব বিস্তার করতে সিলনা গ্রামে ঢুকে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। সে সিলানা গ্রামে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মাঝে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৩ গৃহস্থের গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সে। তারপর টুঙ্গিপাড়া থানা পুলিশ তাকে আটক করে। সেখান থেকে বের হয়ে এসে সিলনায় আবার অসামাজিক কার্যকলাপ শুরু করেছে সাফু।
গ্রামবাসী অভিযোগ করে আরো বলেন, সাফু সিলনা গ্রামে সব ধরণের অপকর্মের পাশাপাশি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার নির্যাতন থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
ইত্তেফাক/বিএএফ
