উত্তাল নদী, দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫
নদী উত্তাল থাকায় ঝুঁকি এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বিকেল চারটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
 
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় ঝুঁকি এড়াতে সকাল নয়টা থেকে নৌপথের সকল ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে এসময় বড় লঞ্চগুলো খুবই সতর্কতার সঙ্গে চলছিল। নদীতে বড় ঢেউ থাকায় চালকদের সাবধানে চলতে বলা হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় বিকেল চারটা থেকে এই নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লঞ্চ চালু করার কথা বলা হয়েছে। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, কয়েক দিন ধরে নদীতে পানি বাড়তে থাকায় আগের থেকে  স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে সময় লাগছে বেশি। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রয়োজনের তুলনায় ফেরি কম। ছয়টির মধ্যে এক নম্বর ঘাটে খননযন্ত্র থাকায় এবং দুই নম্বর ঘাটে লোকবল না থাকায় ফেরি ভিড়ছে না। চারটি ঘাট দিয়ে গাড়ি পার হচ্ছে। এছাড়া সকাল থেকে নদী উত্তাল থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে।
 
ইত্তেফাক/জেডএইচ