বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল, পেট্রল বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় দলটির ২৩ নেতার বিরুদ্ধে নাশকতা আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকার পতনের আন্দোলন বেগবান করতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিটিং করছিল। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ ওই আঞ্চলিক কার্যালয় থেকে ৪টি ককটেল, ৪ বোতল পেট্রলসহ কয়েকটি দেশীয় অস্ত্র দা, চাকু ও লাঠিশোঠা উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই বিএনপি’র ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০জনকে আসামি করে শেরপুর থানায় নাশকতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সরকার পতনের আন্দোলন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
