ঝিনাইদহে আটকে রাখার ১৩ দিন পর যুবক উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮
ঝিনাইদহে শহরের পোস্ট অফিস মোড় থেকে তুলে নেয়ার ১৩ দিন পর আরিফ হোসাইন নামে এক যুবকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের পবহাটি এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে আরিফ হোসাইন নামে ওই যুবককে উদ্ধার করা হয়। 
 
আরিফ হোসাইন মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। আটককৃতরা হলো- সৃজনী বাংলাদেশেরে কর্মকর্তা লাবু ও তোহিদ। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শহরের পবহাটি এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ নামের একটি এনজিওর নির্মাণাধীন বাড়ির ভিতর থেকে এক যুবকের চিৎকার শুনে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘরের তালা ভেঙ্গে অপহৃত যুবক আরিফকে উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 
 
অপহৃত আরিফ হোসাইন অভিযোগ করেন, ঢাকায় নাসির উদ্দিন নামের এক ব্যক্তি ‘সৃজনী বাংলাদেশ’ পরিচালক ড. হারুন অর রশিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে নাসিরের মাধ্যমে কয়েকজন বিদেশির সঙ্গে ৫ কোটি টাকা লেনদেন করে হারুন। বিদেশিরা প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত মাসের ২৬ তারিখে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় থেকে আরিফকে তুলে নিয়ে যায় হারুনের ছেলে তামিম। এরপর থেকেই তাকে সৃজনী বাংলাদেশ অফিসের একটি গুদাম ঘরে ৯ দিন ও নির্মাণাধীন বাড়িতে ৪ দিন আটক রাখে। সেখানে তাকে মারধর করা হয় এবং কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। 
 
এ ব্যাপারে ‘সৃজনী বাংলাদেশ’ পরিচালক ড. হারুন অর রশিদ বলেন, অভিযোগকারী আরিফের সঙ্গে তার প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল। সে কয়েকটি প্রজেক্ট পাস করিয়ে দেবে বলে প্রতারণামুলক ভাবে টাকা নেয়। তারপর সে আর প্রজেক্ট পাস করে না। পাওনা টাকা আদায়ের জন্য তাকে অফিসে ডেকে আনা হয়েছিল। আটকে রাখার অভিযোগ মিথ্যা। 
 
 
ইত্তেফাক/ইউবি