সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪
পূর্ব সুন্দরবনে বৃহস্পতিবার সন্ধ্যায় বনদস্যু ছাত্তার বাহিনী মুক্তিপণের দাবিতে আলম হাওলাদার (৪০) নামে এক জেলেকে অপহরণ ও লক্ষাধিক টাকার জাল, মাছ লুঠ করেছে। বনের হরমাল খাল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ফিরে আসা জেলেরা জানায়। 
 
ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে পাশ (অনুমতিপত্র) করে বনের হরমাল খাল এলাকায় মাছ ধরার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বনদস্যু ছাত্তার বাহিনী জেলেদের নৌকায় হানা দেয়। এসময় লক্ষাধিক টাকার  মাছ ও জাল লুট করে নিয়ে জেলে আলমকে অপহরণ করে। দস্যুরা তার মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দাবি করেছে বলে ওই জেলের নিকট আত্মীয় বাবুল মাস্টার জানিয়েছেন। 
 
অপহৃত জেলে শরণখোলা উপজেলার ধানসগর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে এবং মহাজন জাকির তালুকদারের জেলে বলে জানা গেছে।
 
এ ব্যাপারে কোস্টগার্ড পশ্চিমজোন মংলা অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ মুঠোফোনে জানান, জেলে অপহরণের খবর তার জানা নেই তবে সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ