পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মো. জাহিদ হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ওই মামলায় ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য শামীম মৃধা (৪৮), পৌর শহরের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ছোট্ট (৪০), পৌর শ্রমিক দল নেতা মতিউর রহমান টিটু (৪২) ও তুষখালী ইউনিয়ন বিএনপি নেতা ব্যবসায়ী সেলিম মিয়া (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্নীতির দায়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার পরিকল্পনায় পিরোজপুর মঠবাড়িয়া সড়কে গুদিঘাটা নির্মাণাধীন সেতুর মালামাল খালে ফেলে ক্ষতিসাধনসহ আসামিরা সড়ক যোগাযোগে সংকট সৃষ্টির চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি মাটি কাটার খোনতা, ৩টি লোহার শাবল, ৩টি চাপাতি, ২টি দা, ১টি কুড়াল জব্দ করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযুক্তরা নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালিয়েছে। ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
