বাসের ভেতর শিশুকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪০
কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসের ভেতর মানসিক প্রতিবন্ধী ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি মোড়ে ‘যাত্রীসেবা’ পরিবহনের একটি বাসের ভেতর এ ঘটনা ঘটে। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ বাস চালক মো. সেলিমকে (৬০) গ্রেপ্তার করেছে।
 
অভিযুক্ত চালক সেলিম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সড়কের মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীসেবা পরিবহনের একটি বাসে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ওই বাসে উঠে। এ সময় তারা ওই শিশুকে দুই হাত বাঁধা অবস্থায় চালক ও দুই হেলপারকে দেখতে পায়। এ সময় হেলপাররা পালিয়ে গেলেও স্থানীয়রা বাসের চালক সেলিমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালক সেলিমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ