বগুড়া শহরে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬
বগুড়ায় প্রকাশ্যে জনসম্মুখে ধাওয়া করে রামদা দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার সামনে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যুবক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে শহরের সাতমাথা এলাকা দিয়ে বাদুড়তলা যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী তাদের পিছু নেয়। বাদুড়তলা এলাকায় তারা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।  এক পর্যায়ে প্রাণ বাঁচাতে ওই যুবক মোটর সাইকেল নিয়ে পালায়। কিন্তু বেশিদূর আসতে পারে না। থানার সামনে এসে পড়ে যায়। তখন থানার গেট এলাকা রক্তে সয়লাব হয়ে যায়।
 
পুলিশ তাকে একটি অটোরিক্সায়  তুলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যেই যুবকের মৃত্যু হয়।
 
রাত সাড়ে ১০টায় এ খবর লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান যুবকটির ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু