শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক আইন ও সচেতনতামূলক কর্মসূচি শুরু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৪
নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে কর্মসূচি শুরু করেছে কুমিল্লা হাইওয়ে ও জেলা পুলিশ। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু করা হয়। পুলিশ সদর দপ্তর নির্ধারিত প্রতি শনিবার এ কর্মসূচি চলবে বলে জানান পুলিশ।
 
এদিন চান্দিনার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পর তারা অন্যান্য যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করে। শিক্ষার্থীরা পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করে এবং বিভিন্ন যানবাহনের কাগজপত্র দেখেন।
 
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুল ইসলাম, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম, সার্জেন্ট তাইফুর রহমান, উপ-পরিদর্শক (এস.আই) জীবন কৃষ্ণ হাজারী, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ডালিম মজুমদার প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ