বিএনপির মরা গাঙ্গে আর পানি আসবে না: ওবায়দুল কাদের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ২০১৪ সালের মতো আবারও জ্বালাও -পোড়াও-বোমাবাজির ষড়যন্ত্র করছে। জনবিচ্ছিন্ন বিএনপি বিগত দশ বছরে ১০ মিনিট রাজপথে আন্দোলন সংঘটিত করতে পারেনি। শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়াড়ে বিএনপির আকাশে এখন আষঢ়ের মেঘের ঘনঘটা। বিএনপির মরা গাঙ্গে আর পানিও আসবে না, কোন ঈদও আসবে না।’
 
শনিবার দুপুর ১টার দিকে উত্তরাঞ্চলমুখী ট্রেনযাত্রার পাবনার ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়েছে বিএনপি। এখন তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। বিগত নির্বাচনের মতো যদি আগামী নির্বাচনেও বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করে, তবে তা আপনারা প্রতিহত করবেন।’
 
নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফুল দিয়ে লাভ নেই-ফুল শুকিয়ে যাবে, ব্যানার-ফেস্টুন এক সময় মুছে যাবে, কাগজও ছিঁড়ে যাবে। শেখ হাসিনার নাম হৃদয়ে লিখে রাখুন, সেটাই রয়ে যাবে।’
 
সফরে অন্যদের মধ্যে ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি.এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
 
উল্লেখ্য, কমলাপুর স্টেশন থেকে শনিবার সকাল ৮টায় আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন ছেড়েছে। ট্রেন যাত্রার মধ্য দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে নির্বাচনী সফর শুরু করেছে আওয়ামী লীগ। সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই উত্তরাঞ্চলে আওয়ামী লীগের ট্রেন সফর।
 
ইত্তেফাক/বিএএফ