জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫
জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ।
 
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ভূমিধসের সৃষ্টি হয়। এতে চাপা পড়েছে অসংখ্য বাড়িঘর ও মানুষ। সংবাদমাধ্যম 'এনএইচকে' জানায়, এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫। আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জনের মত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
 
নিহতদের বেশিরভাগই উত্তরাঞ্চলের ছোট শহর আতসুমার বাসিন্দা। সেখানে একটি বড় পাহাড় ধসে পড়ে। আতসুমা শহরের এক বাসিন্দা আকিরা মাতসুশিতা যিনি ভূমিধসে তার এক ভাইকে হারান। তিনি বলেন, এ রকম ভূমিধস আমাদের এখানে কখনও হয়নি। আমি আমার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না।
 
যারা ভূমিধসে আটকা পড়েছে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। ভূমিকম্প ও ভূমিধসে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কমপক্ষে ৪০ হাজার উদ্ধারকর্মী। এদের মধ্যে রয়েছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক।
 
দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে বুল্ডেজার, স্নাইপার কুকুর ও ৭৫ টি হেলিকপ্টার।
 
জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে বলেন, শিগগিরই তিনি ভূমিকম্প ও ভূমিধসে আক্রান্ত হওয়া অঞ্চল পরিদর্শন করবেন।
 
এদিকে ভূমিকম্পের ফলে হোকাইদো দ্বীপের ১৬ লাখ বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
 
ইত্তেফাক/এস আর/টিএস