খুলনায় ট্রাক চাপায় লিমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড় সংলগ্ন খুলনা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ লিমা বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড়স্থ বাবুরহাট গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৃহবধূ লিমা শ্বশুর বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড়স্থ বাবুরহাট গ্রাম থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। সঙ্গে তার দু’ বছরের মেয়ে ছিল। তাদের বহনকারী মাহিন্দ্রা নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড় সংলগ্ন খুলনা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে লিমা ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন লিমা। তবে, এ সময় কোল থেকে তার দু’ বছরের শিশু কন্যা মহাসড়কে পড়ে গেলেও সে অক্ষত রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ বলেন, নিহত লিমার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/বিএএফ
