অনিয়মের অভিযোগে কলেজ অধ্যক্ষকে বরখাস্ত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪১
বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁর রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রবিবার দুপুরে কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাকে একটি নোটিশ পাঠিয়েছেন। মিরাজুল ইসলাম এই নোটিশকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন।
 
নোটিশ সূত্রে জানা গেছে, রাণীনগর মহিলা কলেজের ২৭ জন শিক্ষক-শিক্ষিকা কর্তৃক লিখিতভাবে নানা অনিয়ম-দুর্নীতি, অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অসদাচরণসহ ১১টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর। অভিযোগের প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। 
 
আজ দুপুরে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অধ্যক্ষকে একটি নোটিশ প্রদান করে সকলের অবগতির জন্য কলেজে একটি নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়। এদিকে তিনি বরখাস্ত থাকাকালীন কলেজের উপাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মহন্ত অতিরিক্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
IMG0
মিরাজুল ইসলাম বলেন, আমি নোটিশ পেয়েছি। কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবগুলো মিথ্যে ও বানোয়াট। ব্যবস্থাপনা কমিটি আমাকে আত্মসমর্পণের সুযোগ না দিয়েই কোন নিয়ম না মেনেই আমাকে আমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য এই গভীর ষড়যন্ত্র করেছে। উপাধ্যক্ষ আমাকে সরিয়ে দিয়ে আমার পদে বসার জন্য এই পায়তারার সৃষ্টি করেছে। 
 
উপাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মহন্ত বলেন, অধ্যক্ষের করা অভিযোগ মিথ্যে। ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমিও এই কলেজের একজন শিক্ষক। কলেজের অন্যান্য শিক্ষকদের করা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সভাপতি যেটা ভালো মনে করেছে তাই করেছে। এখানে আমার কোন কিছু করার নেই। 
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আমিও বিষয়টি শুনেছি, কিন্তু এখনো আমাকে অফিসিয়ালভাবে কোন নোটিশের কপি কিংবা কোন লিখিত পত্রাদি দেয়া হয় নাই।
 
ইত্তেফাক/জেডএইচ