হোমনায় অপহৃত শিশু উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১
উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে অপহৃত শিশু আয়মানকে (৪) অপহরণের ৬ ঘণ্টা পর তার নিজ বাড়ি থেকে ১৬ কিলোমিটার দূরে হোমনা পূর্বপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
 
জানা গেছে, রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের শিশু ছেলে আয়মানকে ঘরের সোফায় বসিয়ে রবিবার দুপুরে রান্নার কাজ করছিলেন তার মা। এরপর আধাঘণ্টা পরে রান্না ঘর থেকে ঘরে এসে ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। সকল স্থানে খোঁজে কোথাও না পেয়ে তিনি বিলাপ করতে থাকেন (জোর গলায় কাঁদতে থাকেন)।
 
পরে পাশের বাড়ি থেকে বাচ্চারা এসে আয়মানের মাকে জানান, আয়মান রাস্তার পাশে খেলা করছিল। এসময় সিএনজি অটোরিকশায় করে কয়েকজন অপরিচিত লোক এসে আয়মানকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর আয়মানের মা কুলসুম আক্তার স্থানীয় ইউপি মেম্বার সিদ্দিকুর রহমান এবং তার সকল স্বজনসহ হোমনা থানা পুলিশকে জানান।
 
সন্ধ্যার আগে হোমনা পূর্ব পাড়ায় বেদন মিয়ার দোকানের সামনে সিএনজি থেকে একটি শিশুকে রাস্তায় নামিয়ে দ্রুত চলে যেতে দেখেন পথচারীরা। এ সময় কান্নারত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা থানায় সোপর্দ করেন। এরপর পুলিশ আয়মানের মাকে থানায় ডেকে নেন। রাস্তা থেকে উদ্ধার হওয়া শিশুটিই তার ছেলে আয়মান বলে শনাক্ত করলে ছেলেকে মায়ের জিম্মায় দিয়ে দেন।
 
এ ব্যাপারে হোমনা থানার এসআই নুরউদ্দিন তালুকদার বলেন, শিশুকে অপহরণ করে তার মায়ের কাছে অপহরণকারীরা মুক্তিপণ চেয়েছে শুনেছি। কিন্তু পরে এর কোনো ভিত্তি পাই নাই। বাচ্চা পাওয়ার পর শিশুর মা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতেও রাজি হয়নি।
 
শিশুর মা কুলসুম আক্তার বলেন, আমার কলিজার টুকরাকে যে আমি ফিরে পেয়েছি এটিই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন আর কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই।
 
ইত্তেফাক/আরকেজি