বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সোয়া ১১টায় নগরীর কে.ডি. ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলায় কারাগারে বন্দী গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্ত্রীদের তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য প্রমাণ করে সরকার তাকে তিলেতিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। এটি প্রতিহিংসার রাজনীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ।
সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, মোল্লা আবুল কাশেম, তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
এর আগে সকাল ১০টায় দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
ইত্তেফাক/নূহু
