'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিত করার লক্ষে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে উন্মুক্ত কনসার্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উন্নয়ন কনসার্ট আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।
এ কনসার্টে দেশখ্যাত সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপি, ব্যান্ড দল সোলস ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। একইসঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ডকুমেন্টারি ফিল্মও প্রদর্শন করা হবে।
এ কনসার্টে ব্যাপক জনসমাবেশের লক্ষে আজ সোমবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। জেলা প্রশাসন তন্ময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উন্নয়ন কনসার্টের বিষয়টি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম, জেলা সিভিল সার্জন বিধান চন্দ্র সেনগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, জেলা-উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ২০টি জেলা শহরে এ উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় নোয়াখালীতে এ উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু
