চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করতে ফের সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬
সরকারের নীতিগত সিদ্ধান্ত না পাওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত এবং অবসরের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্যক্রম গ্রহণের জন্য আবারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
সম্প্রতি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষাপটে গত জুনে সংসদীয় কমিটি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার জন্য সুপারিশ করে। গতকালের বৈঠকে মন্ত্রণালয় জানায়, এই সুপারিশ বাস্তবায়নে পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়টি সরকারি নীতিনির্ধারণী সম্পর্কিত। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
 
সংসদীয় কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মোঃ আব্দুল্লাহ, মুস্তফা লুত্ফুল্লাহ ও খোরশেদ আরা হক অংশ নেন।
 
ইত্তেফাক/কেআেই