রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করতে এস্তোনিয়ার আহ্বান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০১
 
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভেন মিকসার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।
 
প্রেস সচিব তার বরাত দিয়ে সাংবাদিকদের আরো জানান, রোহিঙ্গাদের তাদের স্বদেশ ভূমি রাখাইন প্রদেশে নিরাপত্তাসহ প্রত্যাবাসন করতে হবে। প্রধানমন্ত্রী ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের জন্য একটি বিরাট বোঝা হিসেবে উল্লেখ করে বলেন, ‘মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি।’
 
প্রধানমন্ত্রী দু’দেশের পারস্পরিক স্বার্থে এস্তোনিয়ার বিনিয়োগ কামনা করে বলেন, তার সরকার একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, ‘আমরা এসব অঞ্চলে বিনিয়োগ কামনা করছি। কারণ এখানে বিপুল সুযোগ ও সম্ভাবনা রয়েছে।’ এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ