‘আশপাশের অনেক গল্প এখন আমাদের নাটকে উঠে আসছে’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩
 
ছোটপর্দার জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ। গত দুই ঈদে অনেকগুলো নাটকে দেখা গেছে তাকে। ঈদের অবসর শেষে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। পাশাপাশি নতুন চলচ্চিত্রেও অভিনয়ের কথা চলছে। সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
 
কেমন আছেন?
ভালো আছি। আবারো ব্যস্ত সময় শুরু হয়েছে।
 
কোরবানি ঈদে আপনার অনেকগুলো নাটক প্রচার হলো। দর্শকদের প্রতিক্রিয়া কেমন পেলেন?
বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছি। বরাবরই দর্শকদের কাছ থেকে কাজের জন্য ভালো সাড়া পাই। গত বছর ঈদ থেকে আমার কাজের পরিমাণ বাড়ছে। এই সাহসটা দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার জন্যই হয়েছে।
 
ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি নেতিবাচক প্রতিক্রিয়ার অভিজ্ঞতা কেমন এবং নেতিবাচক প্রতিক্রিয়াগুলো আপনি কিভাবে গ্রহণ করেন?
যে কাজটি সবচেয়ে বেশি ভালো হয় সেটিরও নেতিবাচক মন্তব্য থাকে। এটা স্বাভাবিক। সব কাজ সবার ভালো লাগবে না। এমন অভিজ্ঞতা নিয়মিত হয়। আর এটা আমি ইতিবাচকভাবেই গ্রহণ করি। কারণ দর্শকদের জন্য আমরা কাজ করি। তাদের ভালো মন্দের গুরুত্বও আমাদের দিতে হয়।
 
নাটকের বর্তমান গল্প নিয়ে কিছুটা বিতর্ক বরাবরই থাকে। সেই জায়গা থেকে একটি নাটকে কাজ করার আগে গল্প নির্বাচনের বিষয়ে আপনার পছন্দ কেমন থাকে?
আমি সবসময় এমন কোনো চরিত্র পেতে চাই যেখানে আমার অভিনয়ের সুযোগ থাকে। যেই গল্পে আমার চ্যালেঞ্জ নেওয়ার মতো বিষয় থাকে তেমন গল্প আমি নির্বাচন করি। আশপাশের অনেক গল্প এখন আমাদের নাটকে উঠে আসছে। তাই বিতর্কের জায়গাটাও এখন কমছে।
 
একটি চলচ্চিত্র করার পর পরবর্তীতে নতুন কোনো চলচ্চিত্রে আপনাকে দেখা যায়নি। এর কারণ কী?
প্রথম চলচ্চিত্রটি যখন করেছি তখন অভিনয়ের দক্ষতা কম ছিল। এরপর নতুন চলচ্চিত্রের জন্য আমি একটু সময় নিতে চেয়েছি। চাইলে এতদিনে অনেকগুলো চলচ্চিত্র করা যেতো। কিন্তু যেমন তেমন গল্পের চলচ্চিত্র করতে চাই না। তবে ইদানিং চলচ্চিত্রের কথা আরো চলছে। একটি চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে আগামী মাস থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
 
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—
নতুন নাটকে শুটিং করছি। একক নাটকগুলো নিয়ে বর্তমান ব্যস্ততা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ