আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহমান। নানগারহার ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে তারা মাঠে নামবেন।
আফগানিস্তানের এবারের (এপিএল) আসরে পাঁচ দল অংশগ্রহণ করবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এ টি ২০ লিগ। আসন্ন আসরে আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন পাকিস্তানের শহিদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
প্রথম আসরের পাঁচটি দল হলো পাকিতা, কাবুল, বাল্ক, নানগারহার ও কান্দাহার। পাকিতা দলের আইকন আফ্রিদি, কাবুলের আইকন রশিদ, বাল্কের আইকন গেইল, নানগারহারের আইকন রাসেল ও কান্দাহারের আইকন ম্যাককালাম।
আরেকটি দলের আইকন খেলোয়াড় আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।
প্রতিটি দলে পাঁচজন করে বিদেশী খেলোয়াড় ও একজন করে আইসিসি সহযোগী দেশের খেলোয়াড় থাকবে।
বিদেশী খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত এপিএলে খেলা নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান, শ্রীলংকার থিসারা পেরেরা, নিউজিল্যান্ডের লুক রঞ্চি, কলিন মুনরো, মিচেল ম্যাকক্লেনঘান। আরও আছেন দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল, ইংল্যান্ডের রবি বোপারা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার বেন কাটিং ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ।
আইসিসি’র সহযোগী দেশ থেকে দল পেয়েছেন নেপালের সন্দ্বীপ লামিচান, স্কটল্যান্ডের ক্যালম ম্যাকলয়েড ও নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকাটে।
ইত্তেফাক/এস আর/নূহু
