নির্বাচন কি হবে, এ রকম গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে: ইনু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সন্দেহের ফানুস তৈরির অপচেষ্টা হচ্ছে। নির্বাচন কি হবে? এ প্রশ্ন সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। বিএনপি-জামায়াত হলো গুজব উৎপাদনের সংগঠিত কারখানা। গুজব রটনাকারীদের কালো থাবা থেকে সামাজিক মাধ্যমকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 
 
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘গুজব: গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ইনু বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করে গুজব ছড়ানো হচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ আছেন। তিনি বলেন, গুজবের অপসংস্কৃতি অনেক পুরোনো। যারা সাম্প্রদায়িক বোমার মালিক, তারাই গুজব রটনার মালিক। গুজব নিরসনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র করার বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
 
তথ্য অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই