কুকের বিদায়ী ম্যাচে ভারতকে হারালো ইংল্যান্ড

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৯
অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্ট সিরিজে ভারতকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।  সেঞ্চুরি করে নিজের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখলেন কুক।
 
৪৬৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারত ৫৮ রান ‍তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে। ফলে হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ভারতের জন্য। ৭ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। লোকেশ রাহুল ও ঋষভ পন্থ সেঞ্চুরি করে কাঁপণ ধরিয়েছিলেন ইংলিশদের বুকে। ষষ্ঠ উইকেট জুটিতে ২০৪ রানের জুটি গড়ে তারা জয়ের স্বপ্নও দেখাতে শুরু করেন ভারতকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যান সফরকারীদের। আর এই সময়ে রাহুল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আর পন্থ পান তার অভিষেক সেঞ্চুরি।
 
আদিল রশিদের আঘাতে সেই স্বপ্ন শেষ হয়ে যায়। রশিদের বল সোজা আঘাত করে স্টাম্পে। এতে ১৪৯ রানে থেমে যায় রাহুলের ইনিংস। তার আউটের পর অন্তত ড্রয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন পন্থ। কিন্তু তিনিও শিকার হলেন রশিদের। আক্রমণাত্মক কেলতে গিয়ে ১১৪ রানে লং অফে ধরা পড়েন মঈন আলীর হাতে।
 
এরপর স্যাম কারানের আঘাত। ইশান্ত শর্মাকে ৫ রানে ফেরানোর পর রবীন্দ্র জাদেজাকে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্ল্যাভসবন্দী করেন তিনি। আর মোহাম্মদ সামির স্টাম্প উড়িয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জেমস অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ৩৪৫ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে ১১৮ রানে জয় পায় ইংল্যান্ড।  
 
 
ইত্তেফাক/ইউবি