ম্যাকগ্রাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় অ্যান্ডারসন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৭
গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে অসি কিংবদন্তি ম্যকগ্রার ৫৬৩ উইকেটই ছিল এতোদিন সর্বোচ্চ শিকার। তাকে সরিয়ে এবার সেই রেকর্ডের মালিক হলেন অ্যান্ডারসন। 
 
১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৪ বছরে ওয়ালশ, অ্যাম্ব্রুজ, কপিল দেব, রিচার্ড হেডলি, ইমরান খানের মতো কিংবদন্তিদের একে একে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন ম্যাকগ্রা। ১১ বছর পর সেই রেকর্ড ভেঙে গেল। মঙ্গলবার ওভালে ভারতের বিপক্ষে খেলা সিরিজের শেষ ম্যাচে সেই শৃঙ্গ টপকে নতুন মাইলফলক গড়েছেন ইংল্যান্ড তারকা জেমস অ্যান্ডারসন।
 
পতৌদি সিরিজে পাঁচ টেস্টের ১০ ইনিংসে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন। বার্মিংহ্যাম, লর্ডস, এজবাস্টন, নটিংহাম, ওভাল-পাঁচ টেস্টে সব মিলিয়ে এই  ব্রিটিশ স্পিডস্টারের ঝুলিতে এসেছে ২৪ উইকেট। ওভালে মোহাম্মদ সামির উইকেট তুলে নিয়ে টেস্ট জেতার সঙ্গেই ‘ম্যাকগ্রা শৃঙ্গ’ জয় করেছেন তিনি।
 
নিজের রেকর্ড ছোঁয়ার পরই জেমস অ্যান্ডারসনকে অভিনন্দন জানিয়েছিলেন ম্যাকগ্রা। এবার রেকর্ড ভাঙায় অ্যান্ডারসনের সুইংয়ের প্রশংসা করে ম্যাকগ্রা বলেন, ‘জিমির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। দীর্ঘ সময় ধরেই ও বিশ্বমানের পারফরম্যন্স দিয়ে আসছে। ১৪০ ম্যাচ, দিনের পর দিন ওর পারফরম্যান্সে উন্নতি হয়েছে এবং ও শীর্ষে উঠে এসেছে। সে ৬০০ উইকেটের বাঁধ টপকাতে পারলে সেটাও হবে অবিশ্বাস্য সাফল্য।’
 
ইত্তেফাক/কেআই