‘গহীনের গান’ নিয়ে ব্যস্ত আসিফ আকবর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১
সম্প্রতি দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায় আসছেন তিনি। এ কারণে একটু বেশিই পরিশ্রম করছেন এ সময়ের হার্টথ্রব এই গায়ক। এই মূহুর্তে তানজিকা আমিনকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর দ্বিতীয় পর্যায়ের শুটিং করছেন আসিফ।
 
বাংলাঢোল প্রযোজিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ। শিল্পীর গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। ঈদুল আযহার আগে প্রথম ভাগের কাজ হয়েছে। গত শনিবার থেকে মোহাম্মদপুরে চলছে দ্বিতীয় ভাগের কাজ। অচিরেই জানানো হবে অন্য নায়িকার নাম।
    
আসিফ আকবর বলেন, ‘সিনেমার শুটিং মানেই ঘটনার ঘনঘটা। আমার বেলায়ও ব্যতিক্রম কিছু ঘটছে না। গত রবিবার  বিকেলে দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। শুটিংয়ের প্রয়োজনে বসিলায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে আমাদের শুটিংয়ের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। আমরা সুস্থ আছি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
IMG0
দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আসিফ, তানজিকা, নির্মাতা সাদাত ও ছবিটির ডিওপি বিদ্রোহী দীপন। একটি ঝগড়ার দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন তারা। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
 
‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। তার মতে, বাংলাদেশে এ ধরনের কাজ নতুন।
 
ইত্তেফাক/বিএএফ