তাস খেলতে বসতে না দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নারী শিক্ষার্থীসহ ৩ জনকে মারধর করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। আহত শিক্ষার্থীদের মধ্যে একজন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার। এসময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় প্রক্টর অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আহত শিক্ষার্থীরা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে দুর্জয় বাসে গ্রুপ স্টাডি করতে যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৯ম ব্যাচের ৬ শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থীও ছিলেন। এসময় কতিপয় যুবক এসে তাদেরকে আসন থেকে উঠে যেতে বলে। আর এই জায়গায় নিজেরা ‘তাস খেলবে’ বলে জানায়। এসময় তাদের ছাত্রত্ব সম্পর্কে জানতে চাইলে যুবকরা নিজেদের ছাত্রলীগ কর্মী ও ১২ ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। এনিয়ে বাকবিতণ্ডা হলে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন আদর (সিএসই ১২ব্যাচ), অর্ণব (বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কৃত), মেহেদী শান্ত (ম্যানেজমেন্ট ১২ব্যাচ ) পার্থ (ভূগোল ১২ব্যাচ), শিবলি (১২ ব্যাচ), ফুয়াদ নামের কয়েকজন ছাত্রলীগকর্মী।
এতে আহত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ রহমান, মো. সাব্বির হাসান, ফয়জুন্নাহার আক্তার জিনিয়া, এর মধ্যে চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার রিয়াজ রহমান গুরুতর আহত হন।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা আহতদের সঙ্গে নিয়ে প্রক্টর অফিসে গিয়েছি এবং জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।
প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় একটি লিখিত বক্তব্য পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ
