কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন না মঞ্জুর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬
কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না মঞ্জুর করা হয়েছে। জেলার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান আগুনে পোড়ানোর ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের দাখিলকৃত জামিন আবেদনের শুনানী শেষে বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলম এ আদেশ দেন। 
 
আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যান আগুনে পোড়ানোর ঘটনা ঘটে। ওই ঘটনার ৪দিন পর পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে। চলতি বছরের গত ২৩ এপ্রিল এ মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন দাখিল করেন তার পক্ষের আইনজীবীরা। আদালত গত ৭ জুন ওই আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য রাখে। এ অবস্থায় ওই ট্রাইব্যুনালে শুনানি না করেই খালেদা জিয়ার আইনজীবীরা সরাসরি হাইকোর্টে জামিন চান। গত ২৮ মে হাইকোর্ট খালেদা জিয়াকে এই মামলায় ৬ মাসের জামিন আদেশ দেয়। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ গত ২৬ জুন খালেদা জিয়ার জামিন বহাল রাখার আদেশ দেয়।
 
একইসঙ্গে ট্রাইব্যুনালে শুনানি ও নিষ্পত্তি না করে সরাসরি হাইকোর্টে জামিন চাওয়ার আবেদনটি আইনগতভাবে গ্রহণযোগ্য হয়েছে কি-না তার উপর শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পর হাইকোর্টে আবেদনের ওপর শুনানি শেষে গত ১৩ আগস্ট আবেদনটি এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেয় হাইকোর্ট। ওই আদেশের আলোকে গত ২০ আগস্ট খালেদা জিয়ার জামিন চেয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন দাখিল করলে ৩০ আগস্ট শুনানীর দিন ধার্য্য করে আদালত। এদিন আদালত উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং অধিকতর শুনানীর জন্য ১২ সেপ্টেম্বর (বুধবার) তারিখ ধার্য করেন।
 
বুধবার এ জামিন আবেদনের অধিকতর শুনানীকালে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পুনরায় অধিকতর শুনানির জন্য আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শুনানী শেষে আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে বিকালে এ আদেশ দেন।
 
খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু বলেন, বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের একাধিক শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষের লক্ষ্য খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা। তিনি বলেন, এ মামলার সকল আসামি জামিনে রয়েছেন। খালেদা জিয়া বয়োঃবৃদ্ধ, গুরুতর অসুস্থ এবং তিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এখন আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে ন্যায় বিচার পাব। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বলেন, আইন তার নিজস্ব গতিতে চলছে। 
 
ইত্তেফাক/নূহু