হিজড়ারা সমাজে অবহেলিত থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১০
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হিজড়ারা সমাজের কাছে অবহেলিত ও অস্পৃশ্য থাকবে, তা হতে পারে না। তিনি বলেন, পাকিস্তানের মত ব্যর্থ একটি দেশে তৃতীয় লিঙ্গের কেউ সংসদ সদস্য হতে পারলে আমাদের মত দ্রুত উন্নয়নশীল দেশেও হতে পারবে।
 
আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টোরোডে তার সরকারি বাসভবনে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
 
বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে অন্যতম, এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।
 
তিনি আরও বলেন, আমাদের মাথা পিছু আয় এখন ১ হাজার ৭শ’৫২ মার্কিন ডলার, জিডিপি’তে প্রবৃদ্ধির হার এখন ৭ দশমিক ৬৫ শতাংশ। তাই এ দেশে হিজড়া নামধারী আমাদেরই কিছু ভাই বোন অবহেলিত ও সমাজে অস্পৃশ্য থাকবে তা হতে পারে না।
 
মন্ত্রী এ সময় হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে সবার কথা মনযোগ দিয়ে শোনেন। বিশেষ করে হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে উত্তরাধিকার আইন, মৃত হিজড়াদের সৎকারে সামাজিক বাধা, বিদেশ গমনের ক্ষেত্রে এয়ারপোর্টে সমস্যা এবং স্কুল-কলেজে ভর্তি সমস্যার কথা তুলে ধরা হলে তিনি ‘হিজড়া জীবনমান উন্নয়ন জনগোষ্ঠীর’ প্রকল্প পরিচালককে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
 
মেনন হিজড়াদের গুরু মা ববি হিজড়ার উত্থাপনকৃত নানা অসঙ্গতির কথা শোনেন। পরে সমাজকল্যাণমন্ত্রী হিজড়াদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থাসহ সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই