নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠ এলাকায় নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র সিবিএ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। এখন খালেদা জিয়া যুদ্ধপরাধীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নানা ষড়যন্ত্র করেছে।’
তিনি বলেন, আগুন ও বোমায় অসংখ্য মানুষ হত্যা করে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে খালেদা জিয়া ক্ষমতায় আসতে চেয়েছে। পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি বলেই পাকিস্তান খালেদা জিয়ার ঘাড়ে চেপে বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সম্পদ ধ্বংসের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
ইত্তেফাক/এমআই
