বাল্য বিয়ে: গাংনীতে কনের দাদা ও কাজীকে তিন দিন করে কারাদণ্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১
অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে কনের দাদা ও কাজীকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।
উপজেলার বেতবাড়িয়া গ্রামে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।
 
দণ্ডিতরা হলেন- উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আজিমুদ্দীনের ছেলে আবু বক্কর (৭০) ও কাজী একই গ্রামের রমজান আলীর ছেলে হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল জানান, গত ১০ সেপ্টেম্বর বেতবাড়িয়া গ্রামের সাহেব আলী মেয়ে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুনের সঙ্গে একই উপজেলার পীরতলা গ্রামের মাজহারুল ইসলামের গোপনে বিয়ে হয়। শুক্রবার মেয়েকে তোলে দেওয়ার দিন। এজন্য শতাধিক বরযাত্রী মেয়ের বাড়িতে যায়। 
 
ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বিয়ে বাড়ি থেকে বর ও বরযাত্রীরা দৌড়ে পালিয়ে যায়। পরে বিয়ে পড়ানো অপরাধে কাজী হাফেজ মাওলানা নজরুল ইসলাম ও বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের দাদা আবু বক্করকে তিন দিন করে সশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/অারকেজি