দুবাইয়ের আবহাওয়া বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে চলা এশিয়া কাপের ১৪তম আসরটা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আর ক্রিকেটের এই সংস্করণই সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ। স্বাচ্ছন্দ্যের ফরম্যাট বলেই এবার অতীতের চেয়ে অনেক আত্মবিশ্বাসী মাশরাফি বিন মুর্তজার দল। তবে দুবাই বা আরব আমিরাতের উইকেট সম্পর্কে ধারণা নেই বাংলাদেশ দলের। 
 
এর আগে সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, আরব আমিরাতে এসে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে গেলেও এবারই প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে খেলতে আমিরাতে পৌঁছেছে তারা। 
 
তাই ম্যাচের আগের দিন শুক্রবার বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, এখানের কন্ডিশন অনেক বড় একটা বিষয়। দিনের বেলায় গরমটাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য খেলা সহজ হবে। এছাড়া শ্রীলঙ্কাও কিছুদিন আগে টেস্ট সিরিজ খেলে গেছে। তারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারবে।
 
তবে এসব নিয়ে চিন্তিত নন মাশরাফি। তিনি বলেন, তার মানে এই নয় যে এসব নিয়ে পড়ে থাকব। আমাদের ইতিবাচক থাকতে হবে। এগুলো মানিয়ে নিতে পারলে ভালো দল হয়ে ওঠা যাবে।
 
ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ৭৫ ম্যাচে মাত্র ১১ বার শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে বাংলাদেশ। গত জানুয়ারিতে ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। অবশ্য পরের দুই ম্যাচে আবার হেরে গিয়েছিল মাশরাফির দল। ত্রিদেশীয় সিরিজ হারের পর এই প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সামনে পাচ্ছে বাংলাদেশ।
 
ইত্তেফাক/জেডএইচ