পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৬

রিয়াল সোসিদাদের বিপক্ষে প্রথমার্ধের ১২ মিনিটে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতল বার্সেলোনা। শনিবার রাতে লা লিগার চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসিরা। চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে বার্সা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

 
রিয়াল সোসিদাদের ঘরের মাঠ আনেয়োতায় ম্যাচ ছিল মেসিদের। যা সোসিদাদের দুর্গ বলেই পরিচিত। গত মৌসুমেও দুই গোলে পিছিয়ে গিয়ে দলটির বিপক্ষে জিতেছিল বার্সা। এবারও পিছিয়ে পড়া বার্সাকে গোল করে জিতিয়েছেন লুইস সুয়ারেজ এবং ওসমান দেম্বেলে।
 
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সাকে চাপে রাখার কৌশল নেয় সোসিয়েদাদ। এর ফল হিসেবে মাত্র মাত্র ১২ মিনিটেই রিয়াল সোসিদাদ এগিয়ে যায় খেলায়। ডিফেন্ডার আরিৎজ এলুস্তোন্দোর গোলে এগিয়ে যাওয়ার পর ০-১ পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
IMG0
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এই সময়ে নেলসন সেমেদোর পরিবর্তে ফিলিপ কুটিনহোকে নামান বার্সা আর্নেস্তো ভালভার্দে। যার ফল দ্রুতই পেয়ে যায় কাতালান ক্লাবটি। ম্যাচের ৬৩ মিনিটে কর্নার পায় বার্সা। সেই কর্নারে কুটিনহোর ভাসানো বল থেকে হেড করেন জেরার পিকে। প্রথম দফায় সোসিয়েদাদের গোলরক্ষক তা ঠেকাতে সক্ষম হন। তবে ফিরতি বলে টোকা দিয়ে সুয়ারেজ তা পাঠিয়ে দেন জালে।
 
প্রথম গোল হওয়ার তিন মিনিটের মধ্যেই বার্সার দ্বিতীয় গোলটি করেন ফরাসি উইঙ্গার দেম্বেলে। সেটাও হয় কর্নার থেকেই। আরও এক বার বল গ্রিপ করতে ব্যর্থ হন সোসিয়েদাদ গোলকিপার রুললি। ফিরতি বলেই শট করে দলকে এগিয়ে দেন দেম্বেলে। শেষে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বার্সার বিপক্ষ।
 
ইত্তেফাক/কেআই