মার্কিন সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট মনোনীত বিচারক ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে যৌন হামলার অভিযোগকারী নিজের পরিচয় প্রকাশ করেছেন। এই অভিযোগকারীর নাম ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, কিশোর বয়সে তাকে বিছানায় চেপে ধরে তার কাপড় খোলার চেষ্টা করেছিলেন কাভানাহ। তবে কাভানাহ এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত সপ্তাহে কাভানাহ’র বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ উত্থাপিত হয়। তখন এই অভিযোগ অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সুপ্রিম কোর্টের এই বিচারক।
ধারণা করা হচ্ছে, ‘সিনেট জুডিশিয়ারি কমিটি’ শীঘ্রই কাভানাহ ও ফোর্ডের বিষয়ে বৈঠকে বসবে।
এদিকে, জুডিশিয়ারি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান সিনেটর চাক গ্র্যাসলির এক মুখপাত্র বলেন, ড. ফোর্ডের পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকে সিনেটররা সক্রিয়ভাবে দুই পক্ষের সঙ্গে ফোনকলে কথা বলে যাচ্ছেন ।
এই ধরনের ফোনালাপে নিয়মিতভাবে যুক্ত থাকেন, সিনেটর গ্র্যাসলির জ্যেষ্ঠ ডেমোক্রেটিক সহকর্মী সিনেটর ডিয়ানে ফেইনস্টেইন।
প্রসঙ্গত, গত সপ্তাহে সিনেট জুডিশিয়ারি কমিটির চারদিনব্যাপি শুনানীতে কাভানাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিটি আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে যে, কাভানাহ’র মনোনয়ন সিনেটে একটি সম্পূর্ণ ভোটের জন্যে পাঠানো হবে কি না! -বিবিসি
ইত্তেফাক/ জেআর
