শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৪

জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্য দিল আফগানিস্তান। সোমবার বিকেলে আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নামে দলটি। নির্ধারিত ওভারের খেলা শেষে ২৪৯ রানে অলআউট হয় আফগানরা।
 
শুরুতে মাঠে নেমে ওপেনিং জুটিতে ৫৭ রান করে মোহাম্মদ শাহজাদ (৩৪) আউট হন। এরপর ইহসান উল্লাহ ও রহমত শাহ দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন। তার যোগ করেন আরও ৫০ রান। ৬৫ বলে ৪৫ রান করে আউট হন ইহসান। দুটি উইকেটই নিয়েছেন আখিলা ধনঞ্জয়া। তিন রান যোগ করতেই শেহান জয়াসুরিয়ার বলে আউট হন আসগর আফগান।

শত রান পার করার পর হঠাৎ দুটি উইকেট হারানোয় চাপে পড়ে যায় আফগানরা। এরপর রহমত শাহ ও হাশমত উল্লাহ শাহিদীর দৃঢ়তায় সাফল্যের সঙ্গেই চাপ কাটিয়ে ওঠে দলটি। মাঝপথে শাহিদীকে (৩৩) হারালেও হাফসেঞ্চুরি তোলে দাপটের সঙ্গেই ব্যাট করছিলেন রহমত। ৯০ বল থেকে পাঁচটি চারের মারে করেন ৭২ রান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রহমত আউট হন দলীয় ১৯০ রানে। এরপর বাকি উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত ২৫০ রানের লক্ষ্য ছূঁড়ে দিতে সক্ষম হয় আফগানিস্তান।

আফগান বোলারদের মধ্যে থিসারা পেরেরা ৫৫ রান খরচায় পাঁচটি উইকেট নিয়েছেন। এছাড়া আখিলা ধনঞ্জয়া ৩৯ রানের বিনিময়ে দুটি উইকেট নেন।

এশিয়া কাপের চলতি আসরে এটি তৃতীয় ম্যাচ। বাঁচামরার লড়াই নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। হারলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়বে দলটি। কারণ বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানরা বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে। এই গ্রুপের শেষ ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
 
ইত্তেফাক/কেআই