দুই ঘণ্টা এক মিনিট ৩৯ সেকেন্ড। এ সময়েই ৪২.২ কিলোমিটার দৌড়িয়ে কেনিয়ার তারকা দৌড়বিদ এলিউদ কিপছোগে বার্লিন ম্যারাথন জিতলেন। গড়লেন পুরুষদের ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড। স্বদেশী ডেনিস কিমেত্তোর ২০১৪ সালে গড়া আগের রেকর্ডটি থেকে ৭৮ সেকেন্ড ছেঁটে দিয়ে সাফল্য দেখান এলিউদ। তার এ সাফল্যে বিশ্বের সেরা সব অ্যাথলিটদের দেশ কেনিয়া এখন আনন্দে ভাসছে।
বার্লিন ম্যারাথনে নারীদের বিভাগেও প্রথম হন আরেক কেনিয়। তিনি গ্ল্যাডিস চেরোনো, সময় নেন দুই ঘণ্টা ১৮ মিনিট ১১ সেকেন্ড।
এলিউদের সাফল্যে অ্যাথলেটিক্সের জন্য সুবিদিত কেনিয়ার ক্রীড়ামোদী থেকে শুরু করে রাজনীতিবিদ, সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দৌড়বিদটিকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আধুনিক কালে ৩৩ বছরের এলিউদকে মনে করা হয় সেরা ম্যারাথন দৌড়বিদ হিসেবে। মাত্র ১৮ বছরেই যাত্রা শুরু তার। ২০০৩ সালে অনূর্ধ্ব-২০ বিভাগে বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি।
এরপর ২০১২ সালে ম্যারাথন ক্যারিয়ার শুরু করে জার্মানির হামবুর্গে জয় পেলেন। ২০১৬ সালের রিও অলিম্পিকের বিজয়ী এলিউদ এ পর্যন্ত যে ১২ বার ম্যারাথনে দৌড়িয়েছেন তার মধ্যে ১১টিই জিতেছেন তিনি। বার্লিনে তৃতীয় জয় পাওয়া দৌড়বিদটির একমাত্র হারও এই প্রতিযোগিতায়। কেনিয়ার উইলসন কিপস্যাঙ্গ ২০১৩ সালের আসরে হারান তাকে।
এ বছরের শুরুতে তৃতীয়বারের মতো লন্ডন ম্যারাথন জেতা ৩৩ বছরের এলিউদ দৌড় শেষে বলেন, ‘এ দিনটাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে দিতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ, আনন্দিত।’ তিনি আরো বলেন, ‘এটা কঠিন ছিল। আমি নিজের মতো করেই দৌড়াই। আস্থা রেখেছিলাম আমার ট্রেইনার, কর্মসূচি ও কোচের উপর।’
কেনিয়ার রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা এলিউদের পাশাপাশি বার্লিনে পুরস্কার মঞ্চে ওঠা দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া অ্যামোস কিপরুতো ও উইলসন কিপস্যাঙ্গকে অভিনন্দিত করেছেন। শেষ দুজনও কেনিয়ার। বিবিসি।
ইত্তেফাক/আরকেজি
