চট্টগ্রামে পৃথক ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩
চট্টগ্রামে দুটি পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে নগরীর মগপুকুর এলাকায় আজ মঙ্গলবার সকালে। খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তি সকালে তার মালিকানাধীন ভবনের ছাদে উঠেন ভবনের নির্মাণ কাজের তদারকির জন্য। কিন্তু অসতর্কতাবশতঃ তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
অন্যদিকে, নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ভ্যানগার্ড ওয়াশিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে একটি এয়ারকুলার মেশিন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আনোয়ার হোসেন (৩৫)। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে। তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
 
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে এ দুটি দুর্ঘটনাজনিত মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে