এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে রিভার্স সুইংয়ে ভেঙেছিলেন উসমান। কিন্তু তিন উইকেটে তিনি মোটেই খুশি নন। এই ফাস্ট বোলার এখন হুঙ্কার দিচ্ছেন বুধবার দুবাইতে ভারতের বিপক্ষে তিনি নিতে চান পাঁচ উইকেট।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইকে সামনে রেখে ওসমান বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে যারা ভাল খেলে, তাদের সবাই সম্মান করে। আমিও এই ম্যাচটায় ভালো খেলতে চাই। হংকংয়ের সঙ্গে তিন উইকেট পেয়েছি। এ বার ভারতের বিপক্ষে পাঁচ উইকেট তুলতে হবে।’
এশিয়া কাপে এবার ছয় পেসারে খেলতে এসেছে পাকিস্তান। যার মধ্যে চারজনই বাঁহাতি। চব্বিশ বছর বয়সী তরুণ এই পেসার বেশ সাড়া জাগিয়ে তার ওয়ানডে কেরিয়ার শুরু করেছেন। সাতটি ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট। গড় ১০.৫৫।
হংকং ম্যাচের পরে নিজের দলের শক্তি নিয়ে সাংবাদিকদের এই পেসার বলেছেন, ‘আমাদের বোলিং লাইনের দিকে একবার তাকান। যারা খেলছে তাদের কথা বাদই দিলাম। যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে, তাদের একবার দেখুন। তা হলেই আমাদের শক্তিটা ভাল করে বুঝে যাবেন।’
‘পাকিস্তান কিন্তু দুবাই পিচের চরিত্র খুব ভাল করে জানে। এটা অবশ্যই আমাদের কাছে একটা বাড়তি সুবিধা।’-যোগ করেন তিনি।
ইত্তেফাক/কেআই
