সমাজকল্যাণ মন্ত্রী ও রাশেদ খান মেনন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হলে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূলস্রোতধারায় আনতে হবে। সবাইকে ইনক্লুসিভ সমাজ গঠনে এগিয়ে আসার লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এদেরকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন হবে না।
আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বাংলাদেশ অডিটোরিয়ামে উইমেন উইথ ডিসঅ্যাবেলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) এর উদ্যোগে ‘প্রতিবন্ধী নারীর অধিকার বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি।
ডব্লিউডিডিএফ এর সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মিন আরা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) চেয়ারম্যান সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, নিজেরাই করি’র নির্বাহী পরিচালক খুশি কবির, ডিজঅ্যাবেলিটি এক্টিভিটিস্ট ও উন্নয়নকর্মী জুলিয়ান ফ্রান্সিস।
রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এমনিতেই পিছিয়ে। সমাজের এই অংশকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। যদি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই তাহলে এদেরকেও সমাজে জায়গা করে দিতে হবে।
‘প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষের সমন্বয়ে সকলে মিলে সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে হবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের চলমান এসডিজি কর্মসূচির অন্যতম বার্তা হচ্ছে ‘কাউকেই পিছনে ফেলে রাখা যাবে না।’ এক্ষেত্রে দেশের প্রায় ১৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে পিছনে ফেলে রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
ইত্তেফাক/এমআই
