নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০
নাটোরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের দায়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহম্মদ নুরুজ্জামান এ রায় প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।
 
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, ২০১১ সালের ২৪ অক্টোবর রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরী গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় একটি স্টিলের বাক্সের ভেতর থেকে একটি সাটারগান ও তিন রাউন্ড গুলিসহ আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে অস্ত্র আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সিংড়া থানার উপ-পরিদর্শক সৈকত হাসান তদন্ত শেষে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। আদালতের বিচারক মামলার সাক্ষী প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আসামি আব্দুর রাজ্জাককে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।
 
ইত্তেফাক/বিএএফ