ভারতের দেয়া ২৮৬ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে দুর্দান্ত খেলছে হংকং। ওপেনিং জুটিতেই ১৭৪ রান করে দলটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারের খেলা শেষে এক উইকেটে ১৭৪ রান করেছে হংকং। ওপেনার নিজাকাত খান সেঞ্চুরির পথে হাঁটছিলেন। অপর ওপেনার আনসুমান রাথ ৭৩ রান করে ফিরেছেন সাজঘরে।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা এ পর্যন্ত ছয় জন বোলারকে আক্রমণে এনেছেন। তবে পেসার বা স্পিনার কোনও অস্ত্রই কাজে আসছিল না দলটির জন্য। শেষ পর্যন্ত কুলদীপ যাদব ১৭৪ রানের জুটি ভেঙেছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরি ও আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরিতে হংকংয়ের বিপক্ষে ২৮৫ রান করেছে ভারত। নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে তারা। ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যান (২৩)। পরে শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন।
দলীয় ১৬১ রানে রাইডু আউট হন। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৬০ রান। অপরদিকে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। তবে ধাওয়ানের ঝড় অব্যাহত থাকে। ১২০ বল খেলে ১৫টি চার ও দুটি ছক্কার মারে তিনি করেছেন ১২৭ রান। দলীয় ২৪০ রানে ধাওয়ান আউট হওয়ার পর দ্রুত বেশ কয়েকটি উইকেটের পতন হয় ভারতের। অন্য ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ কার্তিক (৩৩) ও কেদার যাদব (২৮*) ছাড়া মিডল ও টেল-এন্ডারে কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।
হংকংয়ের বোলারদের মধ্যে কিঞ্চিত শাহ সর্বোচ্চ তিনটি এবং এহসান খান দুটি করে উইকেট নিয়েছেন।
আজকের ম্যাচে হেরে গেলে এশিয়া কাপের চলতি আসর থেকে হংকংয়ের বিদায় হয়ে যাবে। শেষ চারে চলে যাবে ভারত ও পাকিস্তান। এই গ্রুপে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আগামীকাল বুধবার।
ইত্তেফাক/কেআই
