রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর (মিরেরচক) এলাকায় লিটন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের বড় ভাইয়ের বন্ধু আলাউদ্দীন জানান, লিটনের বাড়ির চলাচলের রাস্তায় মারধরকারী চাচাতো ভাইয়েরা প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলে। মঙ্গলবার সন্ধ্যায় লিটন ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময়ও রাস্তায় ময়লা ফেলতে নিষেধ করেন। এ নিয়ে চাচাতো ভাই মঞ্জুর ও মাহমুদের সাথে লিটনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মঞ্জুর ও মাহমুদ এবং বোন হাসিনাসহ তাদের পরিবারের সদস্যরা লিটনকে বেদম মারধর করে। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে লিটন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, লিটনের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদ, রিক্তা ও শিল্পী নামের তিনজনকে আটক করা হয়েছে। আটকদের থানা হাজতে রাখা হয়েছে। মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান ওসি।
ইত্তেফাক/বিএএফ
