বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মিলারকে সিনেট কমিটির অনুমোদন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৭
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির অনুমোদন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার মিলারের মনোনয়নের বিষয়টি কমিটিতে কণ্ঠভোটে পাস হয়। এখন বিষয়টি পূর্ণাঙ্গ সিনেট অধিবেশনে উত্থাপন করা হবে।
 
সেখানে অনুমোদন পেলে বাংলাদেশে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন তিনি। নিয়োগ চূড়ান্ত হলে সকল আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়ার পর অক্টোবরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন বলে জানা যায়। মিলার বর্তমানে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে তাকে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর গত ২৩ আগস্ট সিনেট কমিটির শুনানিতে হাজির হন মিলার। পেশাদার কূটনীতিক আর্ল আর. মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দফতরে যোগদান করেন। বতসোয়ানার আগে তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি