আইএফআইসি ব্যাংক প্রবর্তিত সাহিত্যরত্ন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৬ পেয়েছেন খসরু চৌধুরী ও শাকুর মজিদ।
গতকাল শনিবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে সম্মাননা ও পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। এবছরই প্রবর্তিত সাহিত্যরত্ন সম্মাননা দেয়া হলো কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে। দশ লাখ টাকার চেক দেওয়া হয় লেখককে। সেইসঙ্গে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয় খসরু চৌধুরী ও শাকুর মজিদকে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, হাসান আজিজুল হক সম্মাননা গ্রহণ করে আইএফআইসি ব্যাংককে সম্মানিত করেছেন।
ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, আইএফআইসি ব্যাংকের সিএসআর থেকে যেসব কাজ করা হয়, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সাহিত্য পুরস্কার প্রদান করা। তিনি জানান, আইএফআইসি ব্যাংক আগামীতে আজীবন সম্মাননা পুরস্কার চালু করতে যাচ্ছে। এই সম্মাননার জন্য জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু
