দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০১
মাঠে নেমে দলীয় ১৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার নাজমুল হোসেন শান্ত আউট হন। আফতাব আলমের বলে রহমত শাহ’র হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের ওভারেই মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। ১৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৪৮ রান।
 
এর আগে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্ট্যাডিয়ামে খেলাটি হচ্ছে।
 
আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের পরিবর্তে যুক্ত হয়েছেন যথাক্রমে নাজমুল ইসলাম অপু ও ইমরুল কায়েস।
 
সুপার ফোরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। অপর ম্যাচে দুবাইতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান।
 
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়ে প্রথম ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায়ও প্রায় নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে পাকিস্তান ও ভারত দু’দলই জিতেছে। তাই আজকের ম্যাচে যারা জিতবে তাদের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে।
 
ইত্তেফাক/কেআই