শ্রীমঙ্গলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে পিকআপ চাপায় স্ত্রী তাসনিমা বেগম (২২) নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরববাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তাসনিমা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিবলু মিয়ার স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিবলু তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটর সাইকেলযোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। পথে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসাবধানতা বসত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান স্ত্রী তাসনিমা। এ সময় পেছন থাকা ভালুভর্তি একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম