সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথ (স্টেম) উদ্ভাবনী শিক্ষা পদ্ধতিতে বিজ্ঞান শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলার লক্ষে শুরু হওয়া বিশ্বশিক্ষক সম্মেলন (গ্লোবাল টিচার্স মিট) শেষ হলো আজ সোমবার।
বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ এবং জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যৌথভাবে দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের ক্যাডেট কলেজ কমপ্লেক্সে সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আবু মো. সাফায়াত হোসেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ।
এতে যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল, ভিয়েতনাম, ইউক্রেন ও বাংলাদেশের বিশেষজ্ঞরা বিজ্ঞান শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। দেশ-বিদেশের শতাধিক বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এ সম্মেলনে জড়ো হন। বিজ্ঞান শিক্ষায় ক্যাডেট কলেজসমূহ যে ভূমিকা রাখছে সেইরূপ জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও বিজ্ঞান শিক্ষার জনপ্রিয়তা এর গুণগত মান ও প্রয়োগ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার দিকগুলো উন্মুক্ত করতে কাজ করে যাচ্ছে।
উক্ত সম্মেলনে বিভিন্ন স্তরে বৈদেশিক শিক্ষা বিশেষজ্ঞরা ছাড়াও আমেরিকান সেন্টার, ঢাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন বিভাগ, বাংলাদেশ একাডেমি অব সায়েন্স, জাতীয় বিজ্ঞান জাদুঘর এর বিশেষজ্ঞ, প্রতিনিধি এবং বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ক্যাডেট কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একীভূত বিজ্ঞান শিক্ষার চেতনায় উজ্জীবিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। গতানুগতিক মুখস্থ বিদ্যার বদলে শিক্ষার্থীদের সামগ্রিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানার্জন ও বাস্তব জীবনের প্রত্যক্ষ ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করার কথা বলা হয়।
ইত্তেফাক/এমআই
