ঘাটাইলে মাদরাসার এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভোজদত্ত গ্রামে। অভিযুক্ত শিক্ষক মোঃ গোলাম হোসেন বীরবাসিন্দা ভোজদত্ত দাখিল মাদরাসার বিএসসি (গণিত) শিক্ষক।
পুলিশ ও ছাত্রীর বাবার লিখিত অভিযোগে জানা যায় শিক্ষক গোলাম হোসেনের বাড়ি উপজেলার দেলুটিয়া গ্রামে। গত ১৫ সেপ্টেম্বর সপ্তম শ্রেণির এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে ছাত্রীটি শ্লীলতাহানির শিকার হয়। পরে ওই ছাত্রী ঘটনাটি তার বাবা-মাকে জানালে তার বাবা হাছান আলী বিষয়টি নিয়ে মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর মাদরাসা পরিচালনা পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। অভিযুক্ত ঔ শিক্ষককে মাদরাসায় আসা নিষেধসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষক মোটরসাইকেলযোগে মাদরাসায় যান। মাদরাসায় তার আগমনের খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়। পরে তাকে মারপিট করে আটকে রাখে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঘাটাইল থানার প্রধান কর্মকর্তা মাকসুদুল আলম জানান, নির্যাতিত ছাত্রীটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক ঘাটাইল থানার পুলিশ হেফাজতে আছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
