চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে আহত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমাবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত মতিউর রহমান (৩৫) ভারতের মুর্শিদাবাদ জেলার বৈঞ্চবনগর উপজেলার পাওদেওনাপুরের মো. জোহাক কমার ছেলে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মতিউর রহমান সোমবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লাশ হস্তান্তরের বিষয়ে ৩৬ ব্যাটালিয়ন বিএসএফের দৌলতপুর ক্যাম্প এবং শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের দল ভারতীয় পুলিশের নিকট লাশটি হস্তান্তর করা হয়।
এ সময় মাসুদপুর বিওপির একটি প্রতিনিধি দল, পুলিশ, দৌলতপুর ক্যাম্পের সদস্য ও ভারতীয় পুলিশের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাসুদপুর সীমান্তের ওপারে ভারতের শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা কয়েকজন রাখালকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানে মতিউর গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মতিউর দৌড়ে মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট ৪শ’ গজ বাংলাদেশের ভেতরে চলে আসে। পরে আহত অবস্থায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাজ্জাদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
