রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বাসচালককে মারধরের ঘটনায় একরাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই মহাখালী বাস পরিবহন শ্রমিকরা তাদের অঘোষিত ধর্মঘট তুলে নেন। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মারধরের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।
মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, সোমবার রাত ১০টার দিকে টার্মিনালের পাশের একটি পাম্প স্টেশনে তেল নিতে গিয়ে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে এনা পরিবহনের একজন চালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এনা পরিবহনের চালক আকতার হোসেনকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এ সময় শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা রাত থেকেই বাস চালানো বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েছিলেন দূরপাল্লার যাত্রীরা।
আবুল কালাম বলেন, এই ঘটনাটা কোনো পরিকল্পিত কিছু না। পরিবহন শ্রমিকরা পরিকল্পিত ভাবে ধর্মঘট করে নাই এবং এইটা কোনো ধর্মঘট না। আর রাস্তাও বন্ধ হয় নাই। গাড়ি কিন্তু অন্য জেলা থেকে আসতেছিল, বন্ধ হয় নাই। শ্রমিকরা জাস্ট একটা প্রতিবাদ করছে।
ইত্তেফাক/এমআই
