আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জনগন তাদের রায় দেবে। বিএনপি-জামায়াতকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
নাসিম আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে মাঠে ময়দানে প্রতিহত করা হবে। যে কোনো মূল্যে তাদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি।
পেশাজীবী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব ডা. এহতেশামুল হক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ইউসূফ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ(আইইবি)’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
ইত্তেফাক/কেকে
