হোমনায় স্কুলছাত্র পেটানো শিক্ষক কারাগারে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৯
হোমনায় এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক মো. আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। মঙ্গলবার উপজেলা সদরের ভিক্টর স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
 
আজ বুধবার আটক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। আহত স্কুলছাত্রের নাম আরাফাত হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার শ্রীপুর গ্রামের মো. নূরন্নবীর ছেলে।
 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. আমিনুল ইসলাম রিপন ভিক্টর স্কুল এন্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক। তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দকুড়া গ্রামে।
 
আহত ছাত্রের বাবা মো. নূরন্নবী জানান, গত মঙ্গলবার তিনি (আমিনুল ইসলাম রিপন) ক্লাসে এক ছাত্রকে দিয়ে ব্ল্যাকবোর্ডে একটি ইংরেজি প্যারাগ্রাফ লিখে ছাত্রদের তা খাতায় উঠাতে বলেন। এটি খাতায় তুলতে গিয়ে আরাফাত হোসেন একটু সময় বেশী চায়। তাতেই শিক্ষক ক্ষেপে গিয়ে তাকে পেটান। এতে ছাত্রটি আহত হলে অন্য শিক্ষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আহত ছাত্রের বাবা নূরন্নবী বাদী হয়ে মঙ্গলবার রাতে হোমনা থানায় মামলা করেন।
 
এ ব্যাপারে হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক বলেন, প্রথমে ঘটনা জানতে পেরে তাকে আমরা আটক করি। ওই দিনই ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। আহত ছাত্রের চিকিত্সা দেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এএম